নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ১৮ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে ৬ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইমাম হোসেন (৫০) নামে এক পুরুষ ও পাঁচ নারীকে গ্রেফতার করা হয়।
এরপর বিকেল ৫টার দিকে একই এলাকার ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখানে চার পুরুষ ও সাত নারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার পুরুষরা হলেন, ইমাম হোসেন (৫০), আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০) ও মো. রাকিব হোসেন (১৯)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আবাসিক হোটেলগুলোতে অনৈতিক ও আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে পুলিশের নিয়মিত নজরদারি প্রয়োজন। এ ধরনের অভিযান এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শাহরিয়ার উদ্দিন অরুপ/ এনটি
