বিজ্ঞাপন

বরিশালে স্বেচ্ছাসেবীদের সঙ্গে খাল পরিষ্কারে নামলেন ইউএনও

বরিশালে স্বেচ্ছাসেবীদের সঙ্গে খাল পরিষ্কারে নামলেন ইউএনও

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজারবের খাল। দীর্ঘদিনের কচুরিপানা ও আবর্জনায় অনেকটাই নোংরা হয়ে পড়া খালটি পরিষ্কারে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে খালের চার কিলোমিটার অংশজুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি। 

সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। উদ্বোধনী অনুষ্ঠানের পরই স্বেচ্ছাসেবীদের সঙ্গে নৌকায় উঠে নিজ হাতে খালের কচুরিপানা পরিষ্কারে নেমে পড়েন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। এ সময় তার পরনে ছিল বিডি ক্লিনের টি-শার্ট।

ইউএনওর নিজ হাতে খাল পরিষ্কারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নৌকায় বসে তিনি নিজ হাতে খালের কচুরিপানা টেনে তুলে পরিষ্কারে অংশ নিচ্ছেন।

সচেতন মহল বলছে, একজন সরকারি কর্মকর্তার এভাবে পরিচ্ছন্নতা কর্মসূচিতে সরাসরি অংশ নেওয়া সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করবে। পাশাপাশি নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবেদীন বলেন, শুধু এই খাল পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। হাট-বাজার, রাস্তাঘাট এবং যার যার বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, বহির্বিশ্বের দেশগুলো যদি নিজেদের পরিষ্কার রাখতে পারে, তাহলে আমরা কেন আমাদের প্রিয় দেশটাকে পরিচ্ছন্ন রাখতে পারব না? নিশ্চয়ই পারব। জয়নুল আবেদীন আরও বলেন, ‘আপনারা একটু আগেই শপথ নিয়েছেন। কেবল শপথ নিলেই হবে না, সেই শপথকে বাস্তবে কাজে রূপান্তর করতে হবে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরিফ হোসেন/এনটি 

বিজ্ঞাপন