জয়পুরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও দুটি ধারালো রামদা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঘোনাপাড়া ফিপ্রি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৫ ও সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালায়।
অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা তাদের সঙ্গে থাকা অবৈধ অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও দুইটি ধারালো রামদা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলো জিডিমূলে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন, র্যাব-৫ ও সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সাইদ আনোয়ার রাহি। তিনি বলেন, এলাকায় অপরাধ দমন ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
চম্পক কুমার/এমএন
