কুমিল্লার দেবিদ্বারের আলোচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে মাদকসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হানির ট্র্যাপের ফাঁদে ফেলে অর্থ আদায় ও মাদকব্যবসার অভিযোগ রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার পৌরসদরের বাসায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, লাইলির বিরুদ্ধে হানি ট্র্যাপে ফেলে মানুষের কাছ থেকে মোট অংকের অর্থ আদায়, মাদক বিক্রিসহ বেশকিছু অভিযোগ রয়েছে। লাইলি হানি ট্র্যাপে ফেলে টাকায় আদায়ের অভিযোগের এক মামলায় কয়েকদিন জেলও খেটেছিলেন। জেল থেকে বেরিয়ে পুনরায় সেসব কাজ শুরু করেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে মাদকসহ আটক করা হয়েছে।
ওসি মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, লাইলির বিরুদ্ধে আগে একটি মামলা ছিল। নতুন করে মাদকের মামলায় তাকে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। তার সহযোগীদের আটকের অভিযান অব্যাহত আছে।
আরিফ আজগর/আরকে
