বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামতৈল এলাকার হালুয়াকান্দি রেলব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেস ট্রেনটি হালুয়াকান্দি রেলব্রিজ এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তার শরীরে কোনো পোশাক ছিল না। জামতৈলের দিকে যাওয়ার সময় তিনি রেললাইনে উঠে পড়েন। পরে চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (ইনচার্জ) আবু হান্নান বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

মো. নাজমুল হাসান/এমএমবি