জামালপুরের ইসলামপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকার উত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মো. সুরুজ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের জমিতে সার প্রয়োগ করতে যান আনোয়ার হোসেন। সার প্রয়োগ শেষে জমি থেকে শাক তোলার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তার শরীরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়ভাবে আনোয়ার হোসেন পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী হাতেম আলী জানান, বজ্রপাতের পর আনোয়ার হোসেনের শরীরে আগুন ধরে যেতে দেখেন তিনি। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কাছে গিয়ে বুঝতে পারেন, আনোয়ার হোসেন আর বেঁচে নেই।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাঁধন হোসেন/এমএমবি
