ভোলার লালমোহন উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রায় ঘণ্টাব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবাসহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখেন স্পিকার।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমোহনের নিজ বাসভবন থেকে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় সেখানে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। স্পিকারকে কাছে পেয়ে সেখানকার স্বাস্থ্যসেবার নানা বিষয়ে স্পিকারকে অবহিত করেন রোগী ও তাদের স্বজনরা। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ তাদের নানা সীমাবদ্ধতার কথাও জানান স্পিকারকে।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মাহমুদ তালহা সাদী ঢাকা পোস্টকে বলেন, সকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে ঘুরে দেখেন। একপর্যায়ে স্পিকারকে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্স সংকটের বিষয়টি জানানো হলে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে ফোন দেন। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে জমে থাকা পানি অপসারণের জন্য পৌরসভাকে নির্দেশ দেন এবং সেসব জায়গায় সৌন্দর্যবর্ধনের জন্য বলেন।
প্রসঙ্গত, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসন থেকে সাতবার সংসদ সদস্য ও তিনবার মন্ত্রী এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মো.খাইরুল ইসলাম/এএমকে
