বিজ্ঞাপন

মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মাদরাসাছাত্র

মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মাদরাসাছাত্র

মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ার পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাবিল হোসেন (১০) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুজিবনগর-মেহেরপুর সড়কের মানিকনগর গ্রামের ‘আহমদ হুজুরের বাড়ি’ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিল হোসেন মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদরাসা থেকে সাইকেলযোগে বাড়িতে এসে খাবার খায় নাবিল। খাবার খাওয়া শেষে পুনরায় সাইকেল চালিয়ে মাদরাসায় ফেরার পথে মুজিবনগর-মেহেরপুর সড়কের আহমদ হুজুরের বাড়ির কাছে পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল তার সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে নাবিল ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে মুজিবনগর থানা পুলিশ। পরে পুলিশ সেগুলো থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসে। পালিয়ে যাওয়া ট্রাক ও মোটরসাইকেল চালকদের শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মাহাবুল ইসলাম/এসএইচএ