বিজ্ঞাপন

সুনামগঞ্জে ডোবা ও খাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে ডোবা ও খাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের দুটি পৃথক স্থানের ডোবা ও খাল থেকে এক বৃদ্ধা ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইড়পাড় এবং দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কুতুবপুর কৃষ্ণতলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী খাইরুন নেছা (৬৫) এবং জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত গুরুসদয় দত্তের ছেলে সুমন দত্ত (৩৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে ধলাইড়পাড়ের উত্তরে একটি স্কুলের পাশের ডোবায় এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রথমে পরিচয় পাওয়া না গেলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে স্বজনরা তাকে খাইরুন নেছা হিসেবে শনাক্ত করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, শুক্রবার রাতে নিখোঁজ হন সুমন দত্ত। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রোববার সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশের একটি খালে তার মরদেহ ভাসতে দেখেন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, সুমন নিখোঁজ হওয়ার পর স্বজনরা তাকে খুঁজছিলেন। পরে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

তামিম রায়হান/এমএমবি