নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, দেশের ৩০০টি সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সদর উপজেলার ৪০০ শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
খায়রুল কবির খোকন বলেন, প্রতিটি সংসদীয় আসনে দুটি করে এমন শিক্ষাপ্রতিষ্ঠান করা আমাদের সরকারের একটা বড় কৃতিত্ব। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের খরচ হবে নামমাত্র টাকা। নরসিংদী সদর উপজেলা নির্বাচনি এলাকাতে দুটি প্রতিষ্ঠান হবে। সেটা ক্যাডেট কলেজের যে স্ট্যান্ডার্ড, যে মান, সেই মানেই হবে। মেধাবী ছাত্ররা সেখানে পড়বে, সেখানে পড়ে আরও ভালো রেজাল্ট করবে।
খোকন বলেন, আপনারা দেখেছেন আগে লাল ফিতার দৌরাত্ম্য, অফিশিয়াল যে জটিলতা ছিল, শিক্ষকদের ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন পেনশনের জন্য, বদলি বা বিভিন্ন কাজের জন্য সময় নষ্ট করতে হতো। টাকা-পয়সা খরচ করে রাজধানীতে যেতে হতো, এখন অনলাইনে সব হচ্ছে। অনলাইনে সব করার সুযোগ, পেনশনের জন্য শুধু যেতে হয়, অনলাইনে করার পর ফিজিক্যালি যেতে হবে না। তারা চাকরিজীবন শেষে, অবসর জীবনে পেনশন, পেনশনের জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে হবে না, অফিশিয়ালি হয়রানি শিকার হতে হবে না। সরাসরি তার অ্যাকাউন্টে অনলাইন-এর মাধ্যমে টাকা চলে যাবে।
শিক্ষকদের বদলি প্রসঙ্গে খায়রুল কবির খোকন বলেন, বদলির ক্ষেত্রে আগের মতো ভিআইপি বা শিক্ষামন্ত্রী করতে পারবেন না। নতুন নীতিমালা অনুযায়ী যৌক্তিক বা মানবিক কারণ থাকলে শিক্ষকরা বদলি বা ট্রান্সফারের সুযোগ পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আমিনুর রহমান সাদী/এসএইচএ
