বিজ্ঞাপন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গত ১৭ বছর অত্যাচারী লুণ্ঠনকারীদের হাতে আমরা জিম্মি ছিলাম। এখনো তাদের শাস্তি হয়নি, আশাকরি আগামী দিনে সরকার তাদের শাস্তি দিতে পারবে। আপনারা এ ধরনের দলকে কখনই সমর্থন করবেন না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন অক্ষুন্ন থাকে সেজন্য সচেষ্ট থাকবেন, এটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। বিদেশি রাষ্ট্রের দালালদেরকে বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না কখনো।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, সততার মূল্য অপরিসীম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবে মারা গেছেন কিন্তু আজও মানুষ তাকে কত সম্মান করে। বিএনপি দলটা বার বার ক্ষমতায় যায়, জিয়াউর রহমান যা কিছু ভালো করে গেছেন ওই সুবাদেই মানুষ বিএনপিকে বার বার ভোট দেয়। তিনি ৪/৫ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিন্তু মৃত্যুর পর দেখা গেল তার কোনো জমি নাই। ব্যাংকে কোনো টাকা নাই। তার চার ভাই জীবিত ছিলেন, কেউ তাদের নামও জানেন না। 

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সততা ও দেশ প্রেমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন, এ এক আদর্শ। মুসলিম বিশ্বে এ ধরনের শাসক ইদানিং দেখা যায় না। খোলাফায়ে রাশেদিনের পর তিনিই হলেন প্রকৃত শাসক, তিনি জননন্দিত। জনকল্যাণে সারা জীবন কাজ করেছেন, বিএনপি তারই দল। আশাকরি তার সুনাম রাখতে পারবে।

সংসদে স্পিকার হিসাবে নিজের নিরপেক্ষতার প্রসঙ্গ উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, নিরপেক্ষতার খাতিরে দলের স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি। দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করি না। সংসদে যারা বিরোধী দল আছে এখন পর্যন্ত তারা মোটামুটি সন্তুষ্ট। আমার নিরপেক্ষতার ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই।

এ সময় সমাবেশে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু প্রমুখ। এ ছাড়া স্থানীয় বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসন থেকে সাতবার সংসদ সদস্য ও তিনবার মন্ত্রী এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

মো. খাইরুল ইসলাম/এএমকে