গাইবান্ধার সদরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা। বিকেলে উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য রাধাকৃষ্ণপুরে এ ঘটনা ঘটে।
১৪ বছর বয়সী নিহত ওই শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার। সে ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে এবং শহরের একটি প্রাইভেট স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে নিজের বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সাদিয়া। পরে ঘটনা টের পেয়ে প্রাণ আছে ভেবে গাইবান্ধা জেনারেল হাসপাতলে নেন স্বজনরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এ ঘটনায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে থাকা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমঙ্গল ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বাবা-মার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে মেয়েটি।
এছাড়া পরিবারের বরাতে তিনি জানান, মেয়েটির মানসিক ত্রুটিও ছিল। এরআগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল মেয়েটি। আমরা কাজ করছি।
মাসুম বিল্লাহ/এসএইচএ
