রংপুরের কাউনিয়ায় বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় উদ্ধার যুবক মতিউর রহমান (২৬) মারা গেছেন। শনিবার দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মতিউর রহমান পঞ্চগড়ের আটোয়ারী থানার ছোট ধাপ এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তার মৃত্যুর পর হাসপাতালে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী রংপুর মেট্টোপলিটন পুলিশের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, বিষ জাতীয় ওষুধ খাওয়ার কারণে মতিউর রহমানের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকর্তা জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় লোকজন উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু এলাকায় বেইলি ব্রিজের নিচে অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় পানিতে পড়ে থাকতে দেখে। পরে তারা ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই যুবক মুখে কিছু বলতে পারছিলেন না।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই যুবকের পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার দিনগত রাত তিনটার দিকে সেখানে চিকিৎধীন অবস্থায় ওই যুবক মারা যায়। তবে ঘটনাস্থলে উদ্ধারের সময় ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে উপ-পরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার বলেন, শনিবার সকাল ৭ টার দিকে পঞ্চগড়ের আটোয়ারীর এলাকায় নিজ বাড়ি থেকে বের হন মতিউর রহমান। পরে স্বজনরা জানতে পারে স্থানীয় লোকজন কাউনিয়ায় বেইলি ব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় মতিউরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এরপর স্বজনরা রাতে হাসপাতালে আসেন।
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় অজ্ঞাত এক যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। ওই যুবক বিষ জাতীয় ওষুধ খেয়ে অচেতন হয়ে পরেছিল বলে প্রাথমিক পর্যায়ে জানা গেছে। অনেক আগে বিষ খাওয়ার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য অজ্ঞাত যুবককে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, বেইলি ব্রিজের নিচে পানিতে পড়ে ছিল ওই যুবক। কত আগে থেকে অচেতন অবস্থায় পড়ে ছিল তা কেউ জানে না। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্থানীয় সাংবাদিক সাইফুল অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা দিয়ে ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালের বেডে প্রাণ গেল যুবকের। এটি আত্মহত্যা নাকি ওই যুবককে কেউ হত্যার পরিকল্পনা করে পঞ্চগড় থেকে কাউনিয়ায় ডেকে এনে বিষ খাইয়ে দিতে পারে সেই রহস্য পুলিশকে উদঘাটন করার দাবি জানান তারা।
কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকর্তা বলেন, কেন বা কি কারণে ওই যুবক পঞ্চগড় থেকে কাউনিয়া উপজেলা এলাকায় এসে বিষ খেয়ে আত্মহনন করার চেষ্টা করছিল তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে এ ব্যাপারে তার চাচা দুলাল মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ
