সুনামগঞ্জের যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। রোববার রাতে (১৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে কোনো ধরনের বালু উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাটি কার্যকর থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পুলিশ প্রশাসন, বিজিবি, সরকারি বিভিন্ন দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।
তামিম রায়হান/ এনটি
