ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, মানুষের মেধা, সৌন্দর্য, সম্মান, অবস্থান ও জীবনের বিভিন্ন বৈচিত্র্য আল্লাহর সৃষ্টি ও তার ইচ্ছার বহিঃপ্রকাশ। একই পরিবারে সন্তানদের মধ্যেও মেধা ও যোগ্যতার ভিন্নতা দেখা যায়। তাই এসব বিষয় নিয়ে চিন্তা করলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি নিজের দায়িত্বও বুঝে আসবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুসলমানদের নিজেদের পরিচয় ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে গর্বিত হতে হবে। অন্যরা যেমন নিজ নিজ ধর্মীয় রীতিনীতি ও পোশাক অনুসরণ করে, মুসলমানদেরও ইসলামের বিধান ও সুন্নাহ পালনে সংকোচবোধ করা উচিত নয়। পোশাক, আচার-আচরণ ও জীবনযাপনে ইসলামী মূল্যবোধ ধরে রেখে সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে হবে।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, সচিব কিংবা বিচারপতি হতে পারো। তবে যে অবস্থানেই যাও, ইসলামকে বাদ দিয়ে নয়—ইসলামের আদর্শ ও নীতিকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। একজন মুসলমান হিসেবে নিজের পরিচয়কে সবচেয়ে বড় পরিচয় মনে করতে হবে। ইসলামের মধ্যে নীতি, আদর্শ, চরিত্র, মানবতা, ভালোবাসা, পারিবারিক বন্ধন ও মানুষের সেবার শিক্ষা রয়েছে।
তিনি আরও বলেন, ইসলাম থেকে দূরে সরে গেলে ব্যক্তি ও সমাজে নানা ধরনের সংকট তৈরি হয়। তাই নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। মেধার পাশাপাশি নৈতিক ও আদর্শিকভাবে সমৃদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, সাবেক সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন খান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডি.এম ফয়সাল, দ্বীনি সংগঠনের ছদর মওলানা নূরুল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি আবুল বাশার তালুকদার ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন প্রমুখ।
আনোয়ারুল হক/ এনটি
