কুমিল্লার বাঙ্গরায় গভীর রাতে ঘরে ঢুকে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্যের স্ত্রী। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বাঙ্গরা উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পেন্নাই দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্য আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পেন্নাই গ্রামের বাসিন্দা।
বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে ইউপি সদস্য আনোয়ার হোসেনের ঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আনোয়ারকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করেন। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই ইউপি সদস্য আনোয়ার হোসেন মারা যান। তার স্ত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, নিহত ইউপি সদস্য আনোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। ঘটনাটি রাত ২টার দিকে ঘটেছিল। হামলাকারী কারা কিংবা কয়জন ছিল, জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরিফ আজগর/ এনটি
