মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এবং সড়ক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গাংনীতে পুকুরের পানিতে ডুবে ২ বছরের এক শিশু এবং মুজিবনগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১০ ও ৭ বছরের দুই শিশু নিহত হয়েছে।
গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আরিশা ওই গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরিশা বাড়িতে মোবাইল ফোন দেখতে দেখতে ভাত খাচ্ছিল। খাওয়া শেষে মোবাইল ফোন নিয়ে বাড়ির পাশে খেলতে যায় সে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর আরিশাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরিশার ফুফু চুমকি খাতুন বলেন, আরিশা মোবাইল দেখতে দেখতে ভাত খাচ্ছিল। খাওয়া শেষ হলে মোবাইল নিয়েই খেলতে যায়। পরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এদিকে, মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাবিল হোসেন (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে মুজিবনগর-মেহেরপুর সড়কের মানিকনগর গ্রামের ‘আহমদ হুজুরের বাড়ি’ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে সাইকেলযোগে বাড়িতে এসে খাবার খায় নাবিল। খাবার খাওয়া শেষে সাইকেল চালিয়ে আবার মাদ্রাসায় ফেরার পথে আহমদ হুজুরের বাড়ির কাছে পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল তার সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে নাবিল ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে মুজিবনগর থানা পুলিশ। পরে সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসে। পালিয়ে যাওয়া ট্রাক ও মোটরসাইকেল চালকদের শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই উপজেলার মহাজনপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় জান্নাতুল খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে মহাজনপুর এলাকার মহসিন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল মহাজনপুর গ্রামের কারিগর পাড়ার শিল্টনের মেয়ে। সে স্থানীয় মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জান্নাতুলের বাবা শিল্টন আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন। জান্নাতুলও তার বাবার পেছনে পেছনে হাঁটছিল। তারা মহসিন মার্কেটের কাছে পৌঁছালে সদরপুকুর দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক সামনে থাকা একটি ট্রলিকে সাইড দিতে যায়। এ সময় ইজিবাইকটি শিশু জান্নাতুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকটি জব্দ করে এবং চালককে আটক করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক জব্দ ও চালককে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাহাবুল ইসলাম/ এনটি
