ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা মধ্যবয়সী এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় বংশী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির সময় প্রাথমিক তদন্তে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, মরদেহের পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ সংগ্রহ ও প্রয়োজনীয় তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/ এনটি
