বিজ্ঞাপন

পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা ও রোগীদের খাবারের মান সরজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে পিরোজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা কমিটির সভা শেষে রাতে পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুই প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরা নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন কি না এবং চিকিৎসা নিতে কোনো ভোগান্তির শিকার হচ্ছেন কি না—এসব বিষয়ে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে সরাসরি খোঁজ নেন তারা।

পরে হাসপাতালে রোগীদের জন্য প্রস্তুত ও পরিবেশন করা খাবারের মান ও পরিমাণ পরীক্ষা করেন দুই প্রতিমন্ত্রী। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কি না এবং খাবারের মান ও পরিমাণ যথাযথ আছে কি না, তাও পর্যবেক্ষণ করেন ।

এছাড়া পিরোজপুর সদর হাসপাতালের নতুন ভবনও পরিদর্শন করেন দুই প্রতিমন্ত্রী। ইতোমধ্যে ভবনটির নিচতলায় জরুরি বিভাগ (ইমার্জেন্সি) চালুর জন্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরিদর্শনকালে নতুন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেন, নতুন ভবনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ভবনটি পুরোপুরি চালু হলে পিরোজপুরের সাধারণ মানুষের চিকিৎসাসেবায় আরও সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পরিদর্শন শেষে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, চিকিৎসাসেবার পরিবেশ আরও উন্নত করা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রীরা। একই সঙ্গে রোগীদের খাবার সরবরাহে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়।

সাদী মো. হিমেল/ এনটি

বিজ্ঞাপন