বিজ্ঞাপন

বজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপকেয়ার

বজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপকেয়ার

জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ এখন বাংলাদেশের নিত্যসঙ্গী। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষকদের জন্য প্রাণঘাতী বজ্রপাত এক নীরব আতঙ্কে পরিণত হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ প্রতিরোধে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য উদ্যোগ নিয়েছে স্কয়ার ক্রপকেয়ার ডিভিশন।

দেশব্যাপী বজ্রপাতপ্রবণ এলাকায় তালের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এবার নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে পাবনা জেলার চাটমোহর উপজেলায় ৫০০টি তালের চারা রোপণের মাধ্যমে সারা দেশব্যাপী এই কর্মসূচির শুভ সূচনা করেছিল স্কয়ার ক্রপকেয়ার। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার তালগাছের চারা রোপণ করা হয়েছে স্কয়ারের ‘ক্রপকেয়ার ডিভিশন’-এর আওতায়।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা সড়কের দুইপাশে আরও ২০০টি তালের চারা রোপণ করা হয়েছে। কেবল চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই বজ্রপাতের প্রবণতা সবচেয়ে বেশি। বিগত ৪০ বছরে দেশে বজ্রপাতের সংখ্যা প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ভয়াবহতার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে।

বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে খোলা মাঠে কর্মরত কৃষকদের। তালগাছ প্রাকৃতিক বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে বিধায় এই উদ্যোগ কৃষকদের সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কলমাকান্দায় অনুষ্ঠিত চারা রোপণ ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম। স্কয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ জনাব হাফিজ আহম্মেদ, জোনাল সেলস ম্যানেজার নাজিম মাহমুদ, ফিল্ড ম্যানেজার কামরুল ইসলাম এবং এসডিও নাজমুল হকসহ এলাকার অন্যান্য সম্মানিত ব্যক্তিরা।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন বজ্রপাতপ্রবণ স্থানে তালের চারা রোপণের এই সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

চয়ন দেবনাথ/আরকে

বিজ্ঞাপন