বিজ্ঞাপন

টঙ্গীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

টঙ্গীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর রেললাইনের পাথর নিক্ষেপ করে পাঁচ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে মাদক কারবারিরা। এ ঘটনায় মাসুদ নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।   

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টঙ্গীর কেরানীরটেক বস্তি থেকে মাদক কারবারি রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। 
একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ, তবে তাকে গ্রেপ্তার করা যায়নি। 

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, আমরা আসামি ও পুলিশের ওপর আক্রমণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

আশিকুর রহমান/আরএআর

বিজ্ঞাপন