বিজ্ঞাপন

পুকুরঘাটে জুতা দেখে সন্দেহ, পানিতে মিলল ২ শিশুর মরদেহ

পুকুরঘাটে জুতা দেখে সন্দেহ, পানিতে মিলল ২ শিশুর মরদেহ

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকায় পুকুরঘাটে দুই জোড়া জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এক ব্যক্তির। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাটকেখালি এলাকার গফুর সাহেবের পুকুরে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাটকেখালি এলাকার সাদ্দাম হোসেনের ছেলে লাবিব হোসেন (১০) ও একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে হাবিবা খাতুন (৯)। 

লাবিব বাটকেখালি মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং হাবিবা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় বাসিন্দা ফরিদ হোসেন জানান, সকালে দুই শিশু বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। দুপুর ১টার দিকে এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে যান। এ সময় পুকুরঘাটে দুই জোড়া জুতা পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি পুকুরে নেমে হাতড়াতে থাকেন। একপর্যায়ে পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন দুই শিশুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রত্যয় সাহা তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। 

ইব্রাহিম খলিল/এএমকে

বিজ্ঞাপন