আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ বা ‘ক্রসফায়ার’-এর সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সন্ত্রাস দমনের জন্য ক্রসফায়ারের কোনো প্রয়োজন নেই এবং প্রচলিত আইনই এর জন্য যথেষ্ট।
সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং বিচারপ্রার্থী জনগণ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
মন্ত্রী আসাদুজ্জামান বলেন, সুশাসনের পথে যেকোনো অন্তরায় দূর করা হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ নানা কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান করেছে। বর্তমান সরকার জনগণের সেবায় বিশ্বাসী। বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরিকৃত বিদ্যমান সমস্যা সমাধানে বর্তমান সরকারকে সময় দিতে হবে।
তিনি বলেন, সরকার সাইবার সুরক্ষা ও অনলাইন নিরাপত্তার জন্য অংশীজনদের সাথে আলোচনা করে আইন প্রণয়ন করতে যাচ্ছে। এখন থেকে মাদক ও জুয়া সংক্রান্ত আইনের শক্তিশালী প্রয়োগ নিশ্চিত করা হবে। তিনি কোনো বিতর্ক সৃষ্টি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সকলকে অনুরোধ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা খুলনা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সেবা সম্প্রসারণ এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বর্তমান চিত্র প্রধান অতিথির সামনে তুলে ধরেন।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী ও খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
এছাড়া সভায় বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার সরকার ওমর ফারুক সহ খুলনা বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে খুলনা জেলার সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার সকাল ৯টায় খুলনা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে তিনি এই মতবিনিময়ে যোগ দেন। এসময় মন্ত্রী মামলা দ্রুত নিস্পত্তি করে আদলতে মামলা জট কমানোর জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান।
জেলা ও দায়রা জজ চান মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ অন্যান্য বিচারকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মিলন/এসএইচএ
