বিজ্ঞাপন

গাজীপুরে মানব পাচার মামলায় দুই আসামি গ্রেপ্তার, শিশু উদ্ধার

গাজীপুরে মানব পাচার মামলায় দুই আসামি গ্রেপ্তার, শিশু উদ্ধার

গাজীপুরের পূবাইলে মানব পাচার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণ করে আটকে রাখা তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আতিকুর রহমান এ তথ্যটি জানান।

তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে পূবাইল থানাধীন হায়দরাবাদ দিলারটেক মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর জেলার কচুয়া থানার কাঠাদিয়া এলাকার সিরাজের ছেলে শহিদ (৪৬) এবং তার স্ত্রী শিল্পি আক্তার (৪৫)। তারা পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের দিলারটেক এলাকায় মিছির আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকার বাসিন্দা মো. জয় ও তার স্ত্রী জাহানারা আক্তার মুন্নী তাদের সন্তানদের নিয়ে বসবাস করতেন। প্রায় দুই মাস আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জয় ও তার স্ত্রী জেল হাজতে থাকায় তাদের তিন বছর বয়সী ছেলে বায়েজিদকে প্রতিবেশীরা দেখাশোনা করতেন।

গত ১৬ আগস্ট দুপুর ১২টার দিকে আমতলী এলাকার ভাড়াবাসার সামনে থেকে শিশু বায়েজিদ নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাড়িওয়ালার নাতি মো. রাব্বির মাধ্যমে শিশুটিকে পূবাইল থানাধীন হায়দরাবাদ দিলারটেক এলাকায় শহিদের ভাড়া বাসায় আটকে রাখার খবর পাওয়া যায়। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং শহিদ ও শিল্পি আক্তারকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমি আরজু (৩৫) শিশুটিকে অসহায় অবস্থার সুযোগ নিয়ে অসৎ উদ্দেশ্যে নিয়ে যায় এবং নিপীড়ন ও ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করার উদ্দেশ্যে শহিদ ও শিল্পি আক্তারের কাছে আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে  অভিযান অব্যাহত রয়েছে।

আশিকুর রহমান/এসএইচএ