গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় রাব্বি (৮) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে স্কুল ছুটি শেষে বাসার যাচ্ছিল রাব্বি। এসময় নতুন বাজার এলাকায় পৌঁছলে একটি বেপরোয়া কার্ভাড ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর চালকসহ কার্ভাড ভ্যান আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (১৪ সেপ্টেম্বর) মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। নিহত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশিকুর রহমান/এসএইচএ
