বিজ্ঞাপন

বিকল্প ভেন্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনবরণে কনসার্ট, শ্রোতাদের ঢল

বিকল্প ভেন্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনবরণে কনসার্ট, শ্রোতাদের ঢল

কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে ‘সমঝোতার’ পর বিকল্প ভেন্যুতে অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কনসার্টে সঙ্গীত পরিবেশ করে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’। প্রিয় ব্যান্ডের গান শুনতে ক্যাম্পাসে ঢল নামে শ্রোতাদের।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুবের বাসভবনে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে ‘সমঝোতা বৈঠকে’ বসে কলেজ কর্তৃপক্ষ।

বৈঠকে কলেজের প্রধান ক্যাম্পাসে নবীন বরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং কোনো ‘অশ্লীলতা’ হবে না শর্তে বিকল্প ভেন্যু হিসেবে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের প্রধান ক্যাম্পাস প্রাঙ্গণে নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ওবায়দুল হক। পরে নবীনবরণ ও আলোচনা সভা শেষে কলেজের দক্ষিণ ক্যাম্পাস প্রাঙ্গণে কনসার্ট অনুষ্ঠিত হয়। যদিও আয়োজকরা এটিকে প্রথম থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান বলে আসছিল। কনসার্টে গান পরিবেশ করে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’। এছাড়া স্থানীয় শিল্পীরাও গান পরিবেশ করে। গান শুনতে ক্যাম্পাসে শ্রোতাদের ঢল নামে।

মো. জুয়েল রহমান/এসএইচএ

বিজ্ঞাপন