রংপুরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত পল্লীচিকিৎসক জাহাঙ্গীর আলমের মামলা তদন্তে অসন্তোষ প্রকাশ করে আদালতে নারাজি আবেদন করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই এ মামলা তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চিফ জুডিসিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম এর কাছে আবেদন করেন পুলিশের গুলিতে আহত জাহাঙ্গীর আলম সিদ্দিকী। আবেদন গ্রহণ করে পুনঃতদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন আদালত।
রংপুর মেট্রোপলিটন আদালতের কৌশলী আব্দুল হাদি বেলাল এ তথ্য নিশ্চিত করে বলেন, গুরুত্বপূর্ণ এ মামলায় তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাইম বিল্লাাহ, রংপুর জেলা পুলিশ সুপার শাহজাহান আলী এবং রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেনসহ আরো অনেকে আসামি।
তিনি আরও বলেন, যেহেতু আসামিরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আবার তদন্তকারী সংস্থা পিবিআই’র কর্মকর্তাও একজন পুলিশ সদস্য, এ কারণে আমরা মনে করছি সুষ্ঠু তদন্ত হয়নি। এজন্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে নারাজি আবেদন করা হয়েছে। বিজ্ঞ আদালত আবেদন গ্রহণ করেছেন এবং পুনঃতদন্তের জন্য সিআইডিকে দায়িত্বাভার দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ মামলার বিচার কার্য শুরু হবে।
সিনিয়র আইনজীবী জোবাইদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে শহীদদের মামলার আড়াই বছর হয়ে গেলেও একটিরও চার্জশিট পুলিশ এখনও দিতে পারেনি। এটি দুঃখজনক। অপরান্তে পুলিশ সদস্যরা যে সকল মামলায় আসামি রয়েছে, সেগুলো মামলায় পুলিশদের রক্ষা করার পাঁয়তারা করা হচ্ছে। এরকম স্পর্শকাতর মামলায় পুলিশের তদন্ত রিপোর্ট তৈরির সময় সরকারি কৌঁসুলির সাথে সমন্বয় করা প্রয়োজন, কিন্তু তদন্তকারীরা সরকারি কৌঁসুলিকে অবহিত পর্যন্ত করেনি।
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আহত পল্লীচিকিৎসক জাহাঙ্গীর আলম সিদ্দিকী বলেন, পুলিশের তদন্ত প্রতিবেদনে নারাজি প্রকাশ করে আদালতে আবেদন করেছি। আদালত আমাদের আবেদন মূল্যায়ন করেছেন এবং পুনঃতদন্তের নির্দেশনা দিয়েছেন। পুলিশের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে আমার পায়ের অবস্থা খুবই খারাপ। প্রচুর কষ্ট করে হাঁটতে হয়। সবসময়ই পায়ে প্রচুর ব্যথা করে। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন। সরকারের পক্ষ থেকে এ ব্যবস্থা করে দিলে অনেক উপকৃত হব।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুর সিটি বাজার এলাকায় হোমিও চেম্বারে আহতদের প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছিলেন জাহাঙ্গীর আলম সিদ্দিকী। ওই সময় পুলিশ তার চেম্বারের সাটার ভেঙে ফেলে এবং তার পা লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন পল্লীচিকিৎসক জাহাঙ্গীর আলম সিদ্দিকী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে মামলা হলে তদন্ত শেষে পিবিআই-এর চূড়ান্ত প্রতিবেদন দাখিল নিয়ে বাদীপক্ষ ও তাদের আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ
