বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেলে লিফটের কাভারিংয়ে আগুন

ময়মনসিংহ মেডিকেলে লিফটের কাভারিংয়ে আগুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের একটি লিফটের বাইরের প্লাস্টিকের কাভারিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আগুন ও ধোঁয়া দেখে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। এ সময় দু-একজন আহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের সঙ্গে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, কন্ট্রোল রুমে আগুন লাগায় ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুন বড় না হলেও ধোঁয়ার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের অগ্নিকাণ্ডকে গুরুত্ব দিয়ে পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, নতুন ভবনের ১১ নম্বর লিফটের বাইরের প্লাস্টিকের কাভারিংয়ের নিচের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কাভারিং বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। লিফটটি চালু ছিল না। পাশের লিফটগুলো চালু ছিল।

তিনি আরও বলেন, আগুন ও ধোঁয়া দেখে রোগীরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় দু-একজন আহত হয়ে থাকতে পারেন। সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ওয়ার্ডগুলোর কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর রোগীদের নিজ নিজ ওয়ার্ডে ফিরে যেতে মাইকিং করা হচ্ছে।

সাখাওয়াত সুমন/এএমকে