চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ।
গ্রেপ্তারকৃত শরীফ হোসেন খান রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ হোসেন খান ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলা এবং স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনার এজাহারনামীয় আসামি। তাকে সন্ত্রাসবিরোধী আইন ও ২০২২ সালের পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
আনোয়ারুল হক/এসএইচএ
