বিজ্ঞাপন

স্ত্রীকে হত্যার দায়ে ১৬ বছর পর সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে ১৬ বছর পর সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন

পরকীয়ার বিষয়টি জেনে যাওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে এলজিইডির সাবেক প্রকৌশলী জহিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হোটেল ম্যানেজার আবদুল মালেককে দেওয়া হয়েছে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোসতাক আহমেদ এ রায় ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের প্রায় ১৬ বছর পর এ রায় ঘোষণা করেছে আদালত। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি বরিশাল নগরের সদর রোডের হোটেল আলী ইন্টারন্যাশনালের পঞ্চম তলার একটি কক্ষে স্ত্রী নাজমা জহির শোভাকে নিয়ে যান তার স্বামী প্রকৌশলী জহিরুল ইসলাম। সেখানে ছুরি দিয়ে গলায় আঘাত করে শোভাকে হত্যা করা হয়।

নিহতের বোন নিলুফা আইরিন ওইদিনই কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় জহিরুল ইসলাম ও হোটেল ম্যানেজার আবদুল মালেককে আসামি করা হয়।

পুলিশ তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণের পর সোমবার রায় ঘোষণা করেন আদালত।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মহাসিন মন্টু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন মিজান বলেন, নিহত শোভার ছোট বোন রুমা আক্তারের সঙ্গে জহিরুল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি শোভা জেনে যাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার সময় জহিরুল ইসলাম বরিশাল এলজিইডির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

অপর আসামি হোটেল ম্যানেজার আবদুল মালেকের বিরুদ্ধে হোটেল পরিচালনায় অনিয়মের প্রমাণ পাওয়ায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বলে জানান আইনজীবী।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ। আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন না বলে জানিয়েছেন আইনজীবী আনোয়ার হোসেন মিজান। 

আরিফ হোসেন/এএমকে

বিজ্ঞাপন