জামালপুরে আসামি ধরতে গিয়ে স্বজনদের মারধরের শিকার হয়েছে ৪ পুলিশ সদস্য। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মেলান্দহ থানা পুলিশের এসআই হিমন (৩৪), এএসআই আওয়ার (৩৭), আবু রায়হান (৪০) ও কনস্টেবল আবু তাহের (২৯) উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চরে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ওই এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে এনামুল হককে (৩০) গ্রেপ্তার করতে যান। এ সময় তারা এনামুল হককে গ্রেপ্তার করলে এনামুল হক ও তার পরিবারের অন্য সদস্যরা ওই পুলিশ সদস্যদের বাধা দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় তারা পুলিশ সদস্যদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে আহত হয় ওই চার পুলিশ সদস্য। তারপর পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এনামুল হককে ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই হিমনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঢাকা পোস্টকে বলেন, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে ধরকে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছে। আসামি এলামুল হক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
বাঁধন হোসেন/এসএইচএ
