বিজ্ঞাপন

খুলনায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০২

খুলনায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০২

খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগজুড়ে নতুন করে আরও ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ভর্তি হওয়া ৩০২ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৪৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৬ জন ভর্তি হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ১১৯ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন এবং বাগেরহাটে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন হন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১০৯ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে ৭ হাজার ৮১৩ জন হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং আরও ২২৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চলতি বছরে বিভাগে মোট ৩০ জনের মৃত্যু হলো। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই সর্বোচ্চ ২০ জন এবং খুলনা জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যশোর ও বাগেরহাটে দুইজন করে মারা গেছে।  

মোহাম্মদ মিলন/এএমকে

বিজ্ঞাপন