কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে প্রায় সাড়ে আট ঘণ্টা পর আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের নিজ এলাকা থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে বেলা দেড়টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে যান তিনি।
রেনু মিয়া উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলার আসামি তিনি। মামলা হওয়ার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে অভিযান চালিয়ে রেনু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এ সময় কোনো ধরনের হট্টগোল না হলেও মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় কৌশলে পালিয়ে যান তিনি।
পরে তাকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। রাত ১০টার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া রেনু মিয়াকে রাত ১০টার দিকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাখাওয়াত হোসেন হৃদয়/এসএইচএ
