বিজ্ঞাপন

গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক

গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে গোপন তথ্যের ভিত্তিতে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন- ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সুফিয়ান সালাফী ও হাসানুজ্জামান। তারা সৌমিক নামের এক শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা সংগ্রহ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল পকেট গেটসংলগ্ন এলাকার গদা নামের এক ব্যক্তির কাছে থেকে গাঁজা কেনা হয় বলে জানিয়েছেন তারা। তবে, প্রক্টরিয়াল বডির সদস্যদের দাবি, লালন শাহ হল পকেট গেটসংলগ্ন এলাকায় এই নামে কোনো ব্যক্তি নেই। এছাড়া তাদের সঙ্গে নাহিন ও সাদ নামের দুজন শিক্ষার্থী মাঝেমধ্যে গাঁজার আসরে বসে।

এ বিষয়ে আটক শিক্ষার্থীরা নিজেদের ভুল স্বীকার করে বলেন, আমরা অন্যায় করেছি। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করব না। তবে, গাঁজা সরবরাহকারী সৌমিককে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠ থেকে দুই শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করেছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। আগামীকাল মঙ্গলবার ছাত্র উপদেষ্টা ও বিভাগের সভাপতির সাথে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

মাওয়াজুর রহমান/এসএইচএ