বিজ্ঞাপন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মন্ডল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শুভঙ্কর মন্ডল খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস বংশীপুর এলাকায় যাওয়ার সময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়া শুভঙ্করকে চাপা দেয়। 

স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, শুভঙ্কর মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইব্রাহিম খলিল/এসএইচএ