বিজ্ঞাপন

দৌলতপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

দৌলতপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সেই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে। 

বিজিবির বাঁধার মুখে শেষ পর্যন্ত নদীপথে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। মঙ্গলবার সকালে বিএসএফ ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পুশইনের এ চেষ্টা করা হয়। সীমান্ত পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নার্সারিপাড়া ক্যাম্পের সদস্যরা এক ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে জামালপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেন। বিজিবির বাঁধার মুখে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ। পরে মঙ্গলবার সকালে নদীপথে তাকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সোমবার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বিএসএফ বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। মঙ্গলবার বিজিবি বাঁধার মুখে বিএসএফ ওই ব্যক্তিকে ফিরিয়ে নেয়।

তিনি আরও বলেন, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

রবিউল আলম ইভান/এএমকে

বিজ্ঞাপন