বিজ্ঞাপন

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল ২ কোটি টাকার আর্থিক সহায়তা

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল ২ কোটি টাকার আর্থিক সহায়তা

রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৬৪ জনের পরিবার পেল ২ কোটি ১৬ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে এ আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।

এতে রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট দেড় কোটি, গুরুতর আহত ১৮ জনকে ১ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এমন ১৬ জন ভুক্তভোগীকে ৩ লাখ করে মোট ৪৮ লাখ টাকা বিতরণ করা হয়।

বিআরটিএ রংপুর অফিসের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের করা আর্থিক সহায়তার আবেদনের প্রেক্ষিতে বিআরটিএ নিয়মিত আর্থিক সহায়তার চেক বিতরণ করছে। যাদের আজ আর্থিক সহায়তা প্রদান করা হলো তাদের বেশিরভাগই পরিবারের প্রধান উপার্জনকারীই সড়ক দুর্ঘটনার শিকার। অনেকেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বা শরীরের কোনো অঙ্গ হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। তাদের পরিবারের এখন করুণ অবস্থা। সেই পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যাতে করে তারা এটিকে মূলধন হিসেবে ব্যবহার করে পরিবারের স্বচ্ছ্বলতা ফেরাতে পারেন।

জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, একটি পরিবারের যখন কেউ সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হয়, সেই ক্ষতিটি কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। তবুও সরকারের মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্বাবলম্বী গড়ে তুলতে এ অর্থ প্রদান করা হয়েছে। সরকার প্রত্যাশা করে এই আর্থিক সহায়তা দিয়ে প্রতিটি পরিবার বিনিয়োগ বা ব্যাবসায়িক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী গঠিত ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারই বিআরটিএ-এর আর্থিক সহায়তার বা ক্ষতিপূরণের বিধান সম্পর্কে জানে না। প্রচারের অভাব ও সচেতনতার ঘাটতির কারণে অনেক সময় তহবিলে টাকা জমে থাকলেও প্রকৃত ভুক্তভোগীরা সঠিক সময়ে আবেদন করতে পারেন না।

আবেদনের নিয়ম ও শর্ত

সড়ক দুর্ঘটনা ঘটার সাধারণত ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট ফরম বা প্রক্রিয়ায় আবেদন করতে হয়। বিআরটিএ অফিস, জেলা প্রশাসন বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মাধ্যমে যোগাযোগ করা যায়। বিআরটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর্থিক সহায়তার আবেদন ফরম সংগ্রহ করা যায়।

আবেদনে যেসব বিষয় অনুসরণ করতে হবে

(১) সড়ক দুর্ঘটনা সংঘটনের অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ফরম-৩২ এর মাধ্যমে দুর্ঘটনা সংশ্লিষ্ট বিআরটিএ, জেলা সার্কেলে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর আবেদন করতে হবে।

(২) দুর্ঘটনা সংশ্লিষ্ট বিআরটিএ, জেলা সার্কেল চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের পক্ষে আবেদনসমূহ গ্রহণ করবেন এবং পরবর্তীতে উক্ত আবেদনসমূহ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর প্রেরণ করবেন।

(৩) আবেদনপত্রের সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, মৃত ব্যক্তির ক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, বৈধ ওয়ারিশ সনদ ইত্যাদিসহ ট্রাস্টি বোর্ড কর্তৃক চাহিত সব কাগজপত্র সংযুক্ত করতে হবে। এ ছাড়া, ট্রাস্টি বোর্ড-সংক্রান্ত বিষয়ে জানতে বিআরটিএ-এর ওয়েবসাইট (www.brta.gov.bd) ট্রাস্টি বোর্ড টুলবার এ ভিজিট করতে পারবেন।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে

বিজ্ঞাপন