বিজ্ঞাপন

ময়মনসিংহ হাসপাতালে আগুন: জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি

ময়মনসিংহ হাসপাতালে আগুন: জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাঁচ সদস্যের এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণসহ সার্বিক বিষয় তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রকৌশলীকে সদস্য করা হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাঁচ সদস্যের কমিটি করেছি।

এর আগে আগুনের ঘটনা তদন্তে মঙ্গলবার সকালে পাঁচ সদস্যের কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের মধ্যে হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে ১১ নম্বর লিফটে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের চারটি ইউনিট কাজ করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সময় ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিচে নামার সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন। তবে স্বজনদের দাবি, আগুন লাগার ঘটনায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আতঙ্ক ও হুড়োহুড়িতে চারজনের মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে লিফটে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও, আগুন লাগার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাখাওয়াত সুমন/এএমকে

বিজ্ঞাপন