বিজ্ঞাপন

শ্রমিকদের আন্দোলনের জেরে নারায়ণগঞ্জে পোশাক কারখানা বন্ধ

শ্রমিকদের আন্দোলনের জেরে নারায়ণগঞ্জে পোশাক কারখানা বন্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের আন্দোলনের জেরে ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কারখানাটির মহাব্যবস্থাপক (প্রশাসন) জাহাঙ্গীর হোসাইনের স্বাক্ষরিত এক নোটিশে বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সময়মতো রপ্তানি করতে না পারা, নতুন ক্রয়াদেশের ঘাটতি এবং ব্যাংকিং জটিলতার কারণে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আর্থিক চাপের মধ্যে রয়েছে। এরই মধ্যে আগস্ট মাসের শ্রমিকদের বেতন পরিশোধেও কিছুটা বিলম্ব হয়েছে।

নোটিশে দাবি করা হয়, বেতন পরিশোধে বিলম্বের বিষয়টি কেন্দ্র করে গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর শ্রমিকরা সংঘবদ্ধভাবে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন। বিষয়টি সমাধানের জন্য ব্যবস্থাপনা পরিচালক শ্রমিকদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলেও উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হয়নি।

এতে কারখানার জরুরি রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়ছে বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের উৎপাদন বন্ধ রাখার ঘটনাকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী ‘বেআইনি ধর্মঘট’ হিসেবে উল্লেখ করা হয়েছে নোটিশে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং কারখানার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানা পুনরায় চালুর মতো পরিবেশ তৈরি হলে পরবর্তী নোটিশের মাধ্যমে খোলার তারিখ জানানো হবে। তবে বন্ধ থাকার সময় শ্রমিকদের কোনো মজুরি দেওয়া হবে না বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। কারখানার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা অবশ্য এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন।

বন্ধের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর এবং ফতুল্লা মডেল থানায় নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেডের মালিক নবী নেওয়াজ লিটনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত থাকার কথা জানিয়ে কলটি কেটে দেন।

মেহেদী হাসান সৈকত/আরএআর

বিজ্ঞাপন