বিজ্ঞাপন

দখল হওয়া সরকারি জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

দখল হওয়া সরকারি জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

বিগত সরকারের সময়ে দখল, অনিয়মের মাধ্যমে বেহাত হওয়া সরকারি জমি ও সম্পত্তি তালিকা করে পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এস্টেটের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি দখলে জড়িতদের সঙ্গে বিএনপির কোনো তুলনা চলে না। বিএনপি ক্ষমতায় আসার পর কোথাও সরকারি সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া যায়নি।  

তিনি বলেন, দেশের জনসংখ্যা ও আবাসনের চাহিদা বাড়লেও জমির পরিমাণ বাড়ছে না। তাই শুধু প্লটনির্ভর আবাসন নয়, বহুতল ভবন নির্মাণের মাধ্যমে আবাসন সংকট মোকাবিলার পরিকল্পনা করছে সরকার।

আহমেদ সোহেল মনজুর বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল ও দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছিল। সে সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন বিভিন্ন জমি অনিয়মতান্ত্রিকভাবে বরাদ্দ বা বিতরণ করা হয়েছে।

এসব জমির বরাদ্দ ও দখলের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন নির্মাণের প্রকল্প নেওয়া হচ্ছে। বরিশালেও এ শ্রেণির মানুষের আবাসন সুবিধা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ১২ মিনিটে সড়কপথে বরিশাল সার্কিট হাউজে পৌঁছান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আলাউল হাসান এবং বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার।

পরে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপাতলী হাউজিং এস্টেটের বাজার পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ঝালকাঠির উদ্দেশে বরিশাল ত্যাগ করেন।

তিন দিনের সফরে তিনি বরিশালে বিভিন্ন সরকারি কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

আরিফ হোসেন/এএমকে

বিজ্ঞাপন