বিজ্ঞাপন

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়া (৫৫) নামে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। এ ছাড়া আসামিকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রশিদ মিয়া মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের গোলামের ছেলে।

টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান বলেন, ২০২৪ সালে ১৪ এপ্রিল ১৪ বছরের এক শিশু তার দাদিকে ডাকার জন্য পুকুর পাড়ে যায়। এ সময় প্রতিবেশী সম্পর্কে দাদা রশিদ মিয়া তাকে বলে দাদি তার বাড়িতে গেছে। পরে শিশুটিকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে শিশু ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন রশিদ মিয়া। পরে ভিকটিমের শারীরিক অবস্থা পরিবর্তন হলে তার মার কাছে ধর্ষণের কথা বলে। এ ঘটনায় শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ভিকটিম তার বাবার বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। পরে আদালত মির্জাপুর থানাকে মামলাটি এজহারের জন্য আদেশ দেন। আসামি রশীদ মিয়ার ডিএনএ পরীক্ষার রিপোর্টে ভিকটিমের কন্যা সন্তানের বাবা বলে নিশ্চিত হয়। পরে সব স্বাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক রায় ঘোষণা করেন।

আসামির পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী একেএম শামীমুল আক্তার।

আরিফুল ইসলাম/এএমকে

বিজ্ঞাপন