বিজ্ঞাপন

মামলার এক দিনেই বিচার, আসামির এক বছরের কারাদণ্ড

মামলার এক দিনেই বিচার, আসামির এক বছরের কারাদণ্ড

ফেনী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় এক দিনেই বিচারকাজ শেষে রায় ঘোষণা করা হয়েছে। মামলার রায়ে আসামি মো. সাগর মিয়াকে (২৪) এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাগরকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত সাগর কিশোরগঞ্জের চোহালি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফলেশ্বর এলাকায় জামাল উদ্দিনের মালিকানাধীন একটি মেসে ভাড়া থাকতেন।

আদালত সূত্রে জানা গেছে, শহরের ট্রাংক রোডের কালীমন্দিরে পূজা দিতে গেলে ছিনতাইয়ের শিকার হন জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী। এ ঘটনায় সোমবার রাতে সাগরকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন তিনি। পরদিন (মঙ্গলবার) মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি সাগরকে আদালতে হাজির করে চার্জশিট জমা দেন। পরে বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী তার শিশু কন্যাকে নিয়ে পূজা দিতে শহরের বড় মসজিদের পাশে অবস্থিত কালীমন্দিরে যান। সেখানে সাগর তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। চেইনটির আনুমানিক মূল্য ৮৮ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত এক যুবক সাগরকে ধরে ফেলেন। পরে তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। 

তিনি বলেন, মামলার এক দিনের মধ্যেই চার্জশিট ও রায় ঘোষণা ফেনীর বিচারিক ইতিহাসে একটি দৃষ্টান্ত। স্বর্ণের চেইনটি উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়েছে।

তারেক চৌধুরী/এএমকে

বিজ্ঞাপন