বিজ্ঞাপন

বরের মৃত্যু, বিয়ে বাড়িতে চলছে কান্নার রোল

অ+
অ-
বরের মৃত্যু, বিয়ে বাড়িতে চলছে কান্নার রোল

গায়ে হলুদ হয়ে গেছে গতকাল বুধবার। রাত পোহালেই বিয়ে। এ উপলক্ষে সাজানো হয়েছে পুরো বাড়ি। আত্মীয়-স্বজন সবাই এসেছেন বাড়িতে। সব প্রস্তুতিই প্রায় শেষ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে কনের বাড়িতে বর সেজে যাওয়ার কথা ২৬ বছর বয়সী আলামিনের। আগের দিন বুধবার গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাতে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার সকালে ঘুম থেকে আর উঠা হয়নি আলামিনের। পরিবারের লোকজন এসে দেখলেন তার নিথর দেহ পড়ে আছে বিছানায়। রাতের কোনো এক সময়ে মারা গেছে আলামিন। এ ঘটনার পর থেকে আনন্দের বিয়ে বাড়িতে শুরু হয় কান্নার রোল।

এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া গ্রামে। বর আলামিন ওই গ্রামের আলম আকন্দের ছেলে। কনে একই উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের আওয়ামী লীগ নেতা আশরাফ আলীর কন্যা আরেফা আক্তার (১৮)। 

বিজ্ঞাপন

বর বেশে যে সময় কনের বাড়ি যাবার কথা ছিল, সে সময়ই তাকে লাশ হয়ে বের হতে হলো বাড়ি থেকে। এলাকাবাসীর ধারণা রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু হয়েছে। 

স্থানীয়রা জানান, বরের মৃত্যুর সংবাদে কনের বাড়িতেও চলছে শোকের মাতম। কিছুতেই যেন এমন মৃত্যু মেনে নিতে পারছিল না কেউই। 

বাবা আলম আকন্দ জানান, আলামিনের মৃত্যুর ব্যাপারে কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই প্রধান আলামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আলামিনের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিকেলে শিবগঞ্জ থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি কেউ থানায় অবগত না করায় তাদের কিছুই জানা নেই। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। 

সাখাওয়াত হোসেন জনি/এমএএম

বিজ্ঞাপন