কিশোরগঞ্জ রেলস্টেশনের ভিআইপি রেস্টহাউসে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রেলওয়ের কর্মচারী মাহমুদুল হাসান সাগরের বিরুদ্ধে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সাগর রেলওয়ের প্রকৌশল বিভাগের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারী।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ওই স্কুলছাত্রীকে ( সম্পর্কে খালাতো বোন) স্টেশন এলাকার বাসা থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দ্বিতীয় তলায় ভিআইভি রেস্টহাউজে নিয়ে যায় সাগর। সেখানে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে রেস্টহাউসের টয়লেটে নিয়ে ধর্ষণ করে।
রাত ৮টার দিকে মেয়েটির চিৎকার শুনে জিআরপি থানা পুলিশ ও স্টেশনের লোকজন দরজার ছিটকিনি ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে। এ সময় পুলিশ ও লোকজন দেখে জানালা দিয়ে পালিয়ে যায় সাগর। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে রাতেই সাগরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জয়নাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লোকজনের হইচই শুনে তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি জানতে পারেন। সিসি ক্যামেরার ফুটেজ চেক করেও দেখা গেছে, সন্ধ্যার পর সাগর মেয়েটিকে নিয়ে রেস্টহাউসে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এসকে রাসেল/এসপি
