রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস চলাচল শুরু

রংপুর-পঞ্চগড় রুটে দীর্ঘদিন পর বহুল কাঙ্ক্ষিত ‘রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস’ বাস চলাচল চালু হয়েছে। যাত্রী হয়রানি বন্ধ ও দুর্ভোগ কমাতে রংপুরমুখী চিকিৎসা, শিক্ষা, ব্যবসাসহ অন্যান্য সেবাপ্রত্যাশী মানুষের সুবিধার্থে এই সার্ভিস চালু করেছে মোটর মালিক সমিতি।
সোমবার (০৮ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর-নীলফামারী-পঞ্চগড় রুটে এই মেইল বাস সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাসটি সাড়ে তিন ঘণ্টায় ১২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধায় পৌঁছাবে।
নতুন রুটে এই বাস সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক। এ সময় সমিতির সহসভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সকাল সোয়া ৭টার দিকে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় হয়ে রংপুরের উদ্দেশ্যে একই রুট ধরে ‘রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস’ এর আরেকটি বাস যাত্রা করে। প্রতিদিন ৩০ মিনিট পর পর রংপুর থেকে নীলফামারী হয়ে পঞ্চগড় রুটে লাল-সবুজ রঙের পতাকা টাঙানো ২০টি বাস চলাচল করবে।
এর আগে সোমবার (০১ নভেম্বর) নীলফামারীতে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকে রংপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলার বাস মালিক সমিতির নেতারা অংশ নেন। তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এ অঞ্চলের সাধারণ মানুষ। কোনো কারণে যাতে নতুন এই পরিবহন সুবিধা থমকে না যায়, সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান যাত্রীদের।
রংপুর নগরীর ভ্রমণ পিপাসু যুবক কামরুল হাসান টিটু ঢাকা পোস্টকে বলেন, রংপুর বিভাগের মানুষের জন্য এটি ভালো খবর। রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস বাস সার্ভিস চালু হওয়াতে আমরা মালিক সমিতির প্রতি কৃতজ্ঞ। এখন এই বাসে রংপুর থেকে পঞ্চগড় যেতে খুব বেশি বেগ পেতে হবে না।
নতুন এই বাস সার্ভিস প্রসঙ্গে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজ্জাম্মেল হক ঢাকা পোস্টকে বলেন, লাল-সবুজ পতাকা লাগানো রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস নামে ২০টি বাস চলাচল করবে। এর মধ্যে রংপুরের আটটি এবং নীলফামারী ও পঞ্চগড় জেলার ছয়টি করে বাস রয়েছে। তিন জেলার মানুষ অল্প সময়ের মধ্যে স্বল্প ভাড়ায় তাদের গন্তব্যে পৌঁছাবে। বিশেষ করে পঞ্চগড়ের মানুষ বিভাগীয় শহর রংপুরে এসে তাদের চিকিৎসা, শিক্ষা ও অফিস-আদালতসহ অন্যান্য কাজের প্রয়োজনে দ্রুত যাতায়াত করতে পারবেন। যাত্রীরা নতুন বাস সার্ভিসে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
পঞ্চগড় জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান ঢাকা পোস্টকে বলেন, প্রতিদিন বাংলাবান্ধা থেকে সকাল সোয়া ৭টা থেকে শুরু করে ৩০ মিনিট পরপর বিকেল পৌনে ৫টা পর্যন্ত নতুন এই বাস চলাচল করবে। অপরদিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকাল পৌনে ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩০ মিনিট পরপর পঞ্চগড়ের উদ্দেশে বাসগুলো ছেড়ে আসবে।
রংপুর জেলা মোটর মালিক সমিতির সহসভাপতি আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, চিকিৎসা নিতে আসা মানুষের যাতায়াতে দুর্ভোগ লাঘব ও গরিব মানুষদের সাশ্রয়ে পরিবহন সেবা দিতে দীর্ঘ দিন ধরে আমরা চেষ্টা করে আসছিলাম। এরই ধারাবাহিকতায় রংপুর-বাংলাবান্ধা রুটে বাস সার্ভিস চালু করা হলো। রংপুর থেকে ১২৫ কিলোমিটারের পথ বাংলাবান্ধা। এই রুটে রংপুর থেকে জনপ্রতি যাত্রীর জন্য ১৭০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়াতে এখন ভাড়া হবে ২২৫ টাকা।
যেভাবে চেনা যাবে ‘রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস’ মেইল বাস
রংপুর-নীলফামারী-পঞ্চগড় রুটে চলাচলরত এসব গাড়িতে লাল-সবুজের পতাকা থাকবে। পতাকার ওপরে সবুজ এবং নিচে হবে লাল রঙ। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল পৌনে ৮টা থেকে ৩০ মিনিট পরপর রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস মেইল বাস ছেড়ে যাবে।
‘রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস’ বাসের স্টপেজ
রংপুর থেকে পাগলাপীর, তারাগঞ্জ হয়ে কিশোরগঞ্জ, ট্যাংঙ্গনমারী, নীলফামারী, গাছবাড়ী, নীলসাগর সড়কে ভবানীগঞ্জ, সোনাহাট, দেবীগঞ্জ, সাখওয়া, বোদা, পঞ্চগড় ও বাংলাবান্ধা। দীর্ঘ ১২৫ কিলোমিটারের এ পথ পাড়ি দিতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা।
‘রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস’ এর ভাড়া
এসব বাসে রংপুর থেকে তারাগঞ্জের ভাড়া ৫০ টাকা, তারাগঞ্জ থেকে কিশোরগঞ্জ ২৫, কিশোরগঞ্জ থেকে ট্যাংঙ্গনমারী ১৫, ট্যাংঙ্গনমারী থেকে নীলফামারী ২৭, নীলফামারী থেকে দেবীগঞ্জ ৫০, দেবীগঞ্জ থেকে বোদা ৪০ টাকা এবং বোদা থেকে পঞ্চগড় পর্যন্ত ২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে রংপুর থেকে সরাসরি বাংলাবান্ধা পর্যন্ত যেতে ২২৫ টাকা ভাড়া গুনতে হবে।
এসপি