বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার নতুন ডিসি শাহগীর আলম

ব্রাহ্মণবাড়িয়ার নতুন ডিসি শাহগীর আলম

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের স্থলাভিষিক্ত হবেন। 

বুধবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কে.এম. আল-আমীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অন্যদিকে উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খাঁনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগের কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও বুধবার আরও ১২ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- গাজীপুর, নারায়ণগঞ্জ, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ এবং চাঁপাইনবাবগঞ্জ।

আজিজুল সঞ্চয়/আরআই

বিজ্ঞাপন