বাংলাদেশে প্রথম এআই–চালিত ভার্চুয়াল রিলেশনশিপ ম্যানেজার চালু করল এমটিবি

দেশের ব্যাংকিং খাতে নতুন মাত্রা যোগ করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) প্রথমবারের মতো চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভার্চুয়াল রিলেশনশিপ ম্যানেজার— ‘মিতা’ (MTB Intelligent Assistant)। এই ভার্চুয়াল আরএম এমটিবি’র গ্রাহক ও সাধারণ ব্যবহারকারী সবার জন্যই উন্মুক্ত, যা প্রতিটি ব্যবহারকারীকে ব্যক্তিগত ব্যাংকিং সহায়তা প্রদান করবে।
‘মিতা’ মূলত একজন মানবসদৃশ ভার্চুয়াল ব্যাংকিং রিলেশনশিপ ম্যানেজার, যার নিজস্ব মুখাবয়ব, অভিব্যক্তি ও ব্যক্তিত্ব রয়েছে। প্রচলিত ডিজিটাল ব্যাংকিং সেবার মতো এটি শুধু তথ্যভিত্তিক নয়; বরং ব্যবহারকারীদের সঙ্গে ইন্টার্যাকটিভ বাটন বা সরাসরি কথোপকথনের মাধ্যমেও যোগাযোগ করতে সক্ষম।
একজন রক্ত-মাংসের রিলেশনশিপ ম্যানেজার যেভাবে গ্রাহককে সেবা দেন, মিতাও একইভাবে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় এবং আর্থিক তথ্য ও শিক্ষা প্রদান করে। এটি ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যাংকিং সেবা গ্রহণে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ব্যাংকিং-বহির্ভূত বিষয়েও বন্ধুসুলভ আলোচনা করতে পারে।
এ বিষয়ে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ডিজিটাল উৎকর্ষে এমটিবি’র অবিচল অঙ্গীকারের প্রতিফলন হলো ‘মিতা’। এটি ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করেছে। এখন থেকে স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে দিন-রাত ২৪ ঘণ্টা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মিতার মাধ্যমে ব্যাংকিং সহায়তা গ্রহণ করা যাবে।”
বর্তমানে এমটিবির এই সেবাটি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট (www.avatar.mutualtrustbank.com) এবং অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ‘MTB NEO’ অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। ভবিষ্যতে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে আরও উন্নত করে নতুন নতুন ব্যাংকিং সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে এমটিবির।
এমএন
