সকাল-বিকেল মিলে সোনার দাম ভরিতে বাড়ল ১৬ হাজার টাকা

সোনার বাজারে অস্থিরতা যেন কাটছেই না। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। এমন পরিস্থিতিতে গতকাল দুবার দাম কমলেও আজ সকাল-বিকেল দুদফা সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯০৬ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাজুস। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন আবার উঠে এসেছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায়। সকালে ছিল ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়। গতকাল বিকালে ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
সেই হিসেবে আজ দুবারে সোনার দাম বাড়ানো হয়েছে ১৬ হাজার ৩৩০ টাকা।
আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম ওই সময় থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।
এদিকে রোববার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের লেনদেন বন্ধ ছিল। সোমবার বাজার চালু হওয়ার সঙ্গে সঙ্গে বড় দর পতন হয়। মঙ্গলবারও মূল্য হ্রাসরে মধ্যেই কেনাবেচা চলছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯০০ ডলার। সকালে ছিল ৪ হাজার ৮০৩ ডলার।
এর আগে শুক্রবার ছিল ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলারে দাম উঠেছিল।
মঙ্গলবার সকালে দেশের বাজারে বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
সোনার দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৬ হাজার ৫৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা।
এদিকে গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে। বৃহস্পতিবার সকালে সোনার দাম একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।
২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ভরিতে কমায় ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত। ফলে ভালো মানের সোনার দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে আসে। ওই দাম শুক্রবার ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছিল।
এসআই/এনএফ