উত্তরা ফাইন্যান্সের ৫ কোটি টাকা লুটপাট, ফাঁসলেন সাবেক এমডিসহ ২

ভুয়া ও অনুমোদনহীন ভাউচারের মাধ্যমে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির মো. আহসান উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি জানা গেছে।
আসামিরা হলেন-উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন এবং সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়াই প্রতিষ্ঠানের অর্থ নগদ উত্তোলন আত্মসাৎ করে। আসামিরা ভুয়া ও অনুমোদনহীন ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানটির হিসাব থেকে ৪ কোটি ৮৩ লাখ ১২ হাজার ১২৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, অর্থ আত্মসাতের প্রক্রিয়ায় অধিকাংশ ক্ষেত্রেই তফসিলি ব্যাংকের মাধ্যমে লেনদেন না করে নগদে অর্থ উত্তোলন করা হয়েছে। যা বাংলাদেশ ব্যাংকের এফআইডি সার্কুলারের সুস্পষ্ট লঙ্ঘন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরএম/জেডএস