রমজানে ব্যাংকে লেনদেন সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে চলবে যতক্ষণ

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে রোজা। নতুন সময়সূচি অনুযায়ী, পুরো রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা ৩০ পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করে।
সার্কুলারে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে, এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।
সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে, প্রতি বছরের রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ রমজানে মাসে ব্যাংক লেনদেন ও অফিস সময় কমে আসে।
পবিত্র রমজান মাস শেষে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।
এসআই/এমটিআই